খুলনায় রাতে ইটভাটায় ঢুকে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় গভীর রাতে নিজের ইটভাটায় অবস্থানকালে ফখরুল শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফখরুল রূপসা কলেজের প্রাক্তন ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফখরুলদের মালিকানাধীন ওই ইটভাটায় প্রায়ই চুরির ঘটনা ঘটত। সে কারণে তিনি মাঝেমধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতেও তিনি ভাটায় অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা সেখানে ঢুকে তাঁকে লক্ষ করে গুলি চালিয়ে পালিয়ে যায়। তাঁর শরীরে দুটি গুলির আঘাত লাগে—একটি ঘাড়ে এবং অন্যটি ডান চোয়াল দিয়ে ঢুকে বাম কানের ওপর দিয়ে বেরিয়ে যায়।
রাত ১টা ১১ মিনিটের দিকে খবর পেয়ে ফখরুলের মেজ ভাই ফরহাদ শেখ দ্রুত সেখানে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফখরুল চার ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট এবং দুই কন্যাসন্তানের জনক।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফরহাদ বাদী হয়ে মামলা করেছেন। তবে কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়, জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।