গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী

রাজশাহীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বুধবার সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবার এবং আহতদের চিকিৎসা, কল্যাণ ও দীর্ঘমেয়াদি পুনর্বাসনে সরকার কাজ করে যাচ্ছে।
ভূমিমন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ব্যাপারে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় উপস্থিত রাজশাহীর শহীদ সাকিব আনজুমের বাবা তাঁর সন্তানের হত্যাকারীদের দ্রুত বিচারের জোরালো দাবি জানান।
শ্রদ্ধা নিবেদনকালে জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।