জাতীয়

গণভবনে জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের দুয়ার খুলল

৫ আগস্ট ২০২৬
চব্বিশের গণ–অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে রাজধানীর শেরেবাংলা নগরে তৈরি জুলাই স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চব্বিশের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলনের স্মারক হিসেবে গড়ে তোলা ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই জাদুঘরের স্মৃতিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকেই এই স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়েছে।

স্মৃতিফলক উন্মোচনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং প্রদর্শিত নানা আলোকচিত্র, ঐতিহাসিক নথিপত্র ও স্মারক পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজনে আন্দোলনের ইতিহাস ও বিজয়ের ওপর তৈরি একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। সেই সরকারের আমলেই গণভবনকে জাদুঘরে রূপান্তরের কাজ শুরু হয়। নানা বাধা পেরিয়ে আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে এটি চালু হলো। উদ্বোধনের দিন কেবল আমন্ত্রিতদের জন্য সুযোগ থাকলেও বৃহস্পতিবার থেকে জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

জুলাই গণ-অভ্যুত্থানস্মৃতি জাদুঘরতারেক রহমানগণভবন