গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক দাবি করেছেন, বিপুল অর্থ ব্যয়ে আয়োজিত গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ সায় দিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সেই গণভোট যদি অবৈধ হয়ে থাকে, তবে বর্তমান সরকারকেও অবৈধ বলতে হবে। রোববার (৯ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৭টায় ফরিদপুরের সদরপুর স্টেডিয়ামে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে মামুনুল হক উল্লেখ করেন, তাদের আন্দোলন কোনো সরকার পতনের উদ্দেশ্যে নয়, বরং গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে। তিনি জানান, দেশের ৩৩টি রাজনৈতিক দলের সম্মতিতে ‘জুলাই সনদ’ তৈরি হয়েছিল এবং তা বাস্তবায়নেই গণভোট অনুষ্ঠিত হয়। তাই জনগণের দেওয়া সেই সিদ্ধান্ত অনুযায়ী সনদ বাস্তবায়ন করা প্রয়োজন।
বিগত সরকারের সমালোচনা করে খেলাফত মজলিসের প্রধান বলেন, পূর্বে প্রশাসনকে দলীয়করণ করে ‘পুলিশ লীগ’ তৈরি করা হয়েছিল। ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের আদলে ‘পুলিশ দল’ গঠন রোধে নিরপেক্ষ সার্ভিস কমিশনের মাধ্যমে সব সরকারি নিয়োগের দাবি জানান তিনি।
ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সংগঠনের মহাসচিব মাওলানা জালালউদ্দীন আহমাদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসাইন ও উপজেলা সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।