গাজা থেকে সেনা প্রত্যাহার নেই, ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল ইসরায়েল

গাজা সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন যে, হামাসকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।
নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলের লক্ষ্য হামাসকে কেবল দুর্বল করা বা আংশিকভাবে ভেঙে দেওয়া নয়। বরং তাদের প্রকৃত ও সম্পূর্ণ বিলুপ্তি নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য। তিনি বলেন, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত সেনারা গাজা থেকে কোনোভাবেই সরে যাবে না।
ওয়াশিংটনের পক্ষ থেকে গাজা থেকে সেনা প্রত্যাহার এবং হামাসের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। নেতানিয়াহু জানান, এই প্রস্তাবগুলোর কিছু অংশ ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হলেও, অনেক বিষয় তারা মেনে নিতে পারছে না। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে এই বিষয়ে মতপার্থক্য এখনো অব্যাহত রয়েছে এবং আলোচনা চলমান।