গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ মরদেহ, অধিকাংশ নারী-শিশু
ইসরায়েলের হামলায় গাজা নগরের ধসে পড়া একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়াদের অধিকাংশই নারী ও শিশু।
গাজা নগরের পশ্চিমাঞ্চলে অবস্থিত ‘কারাম’ ভবনে টানা চার দিন অনুসন্ধান চালানোর পর উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। উদ্ধার কার্যক্রমের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবু দান জানান, বিশেষায়িত চিকিৎসাকর্মী ও সিভিল ডিফেন্সের দল এখন অন্য একটি স্থানে অভিযান শুরু করবে।
ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধার প্রচেষ্টা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ধ্বংসস্তূপের বিশাল কংক্রিট সরানোর উপযোগী যন্ত্রপাতি না থাকায় উদ্ধারকর্মীদের হাতে হাতে সাধারণ সরঞ্জাম ও কঠোর শারীরিক পরিশ্রমের ওপর নির্ভর করতে হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপত্যকাজুড়ে এখনো ৮ হাজারের বেশি মানুষ নিখোঁজ। গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ১ হাজার ২৫৪ জন নিহত ও ৪ হাজার ১২১ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া সংঘাতের পর গাজায় মোট ৭৩ হাজার ৩০০ জনের বেশি নিহত ও ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন।