গাজীপুরে ডাকাতির চেষ্টা, কুপিয়ে গৃহবধূকে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সশস্ত্র ডাকাত দল। শনিবার ভোররাতে উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় ডাকাতদের আকস্মিক হামলায় ওই গৃহবধূর স্বামী ও কিশোরী মেয়ে গুরুতর আহত হয়েছেন।
নিহত নারীর নাম কামরুন নাহার আক্তার (৩৫)। তিনি নগরবেলা এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের (৪১) স্ত্রী। হামলায় মঞ্জুরুল ইসলাম ও তাঁর ১৬ বছর বয়সী মেয়ে সানজিদা আক্তার গুরুতর আহত হন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোররাত প্রায় ৪টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সংবদ্ধ ডাকাত দল মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গ্রিলের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। বাধা দিলে এবং চিৎকার শুরু করলে ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে গৃহকর্তা ও তাঁর পরিবারকে কোপাতে থাকে। প্রতিবেশীরা চিৎকারের শব্দ শুনে এগিয়ে আসতে শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে ডাকাতদের কোপে ঘটনাস্থলেই প্রাণ হারান কামরুন নাহার।
ঘটনার পর আহত মঞ্জুরুল ও তাঁর মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানা ও উলুখোলা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, পরিবারের সদস্যরা হাসপাতালে থাকায় কোনো মালামাল লুণ্ঠন হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পেছনে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।