জাতীয়

গাজীপুরে শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

৩১ জুলাই ২০২৬
গাজীপুরে শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে গিয়ে দুই মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার মোক্তারপুর এলাকার চরসিন্দুর ব্রিজসংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো— মোক্তারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আতাউর শেখের ছেলে লাবিবুল আল হাসান (১০) এবং কাপাসিয়ার দড়িনাসেরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রায়হান ইসলাম রাব্বি (১২)। তারা দুজনেই স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পাঁচ বন্ধু মিলে একসাথে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমেছিল। কিছুক্ষণ পর তিনজন ডাঙায় উঠে আসলেও লাবিব ও রাব্বির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সঙ্গী শিশুরা বিষয়টি জানালে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে তল্লাশি শুরু করেন এবং একপর্যায়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, কোনো অভিযোগ না থাকায় স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

গাজীপুরশীতলক্ষ্যা নদীপানিতে ডুবে মৃত্যুকালীগঞ্জ