প্রযুক্তি

গান তৈরির এআই প্ল্যাটফর্ম সুনোর সঙ্গে বিএমজির লাইসেন্স চুক্তি

১২ আগস্ট ২০২৬
গান তৈরির এআই প্ল্যাটফর্ম সুনোর সঙ্গে বিএমজির লাইসেন্স চুক্তি
কপিরাইট বিতর্কের মধ্যে সংগীত প্রতিষ্ঠান বিএমজির সঙ্গে লাইসেন্স চুক্তি করেছে এআই মিউজিক জেনারেটর সুনো।

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গান তৈরির প্ল্যাটফর্ম সুনো সংগীতভিত্তিক প্রতিষ্ঠান বিএমজির সঙ্গে একটি লাইসেন্স চুক্তি করেছে। এই চুক্তির আওতায় বিএমজির শিল্পীদের গানের ক্যাটালগ ব্যবহারের জন্য লাইসেন্স ফি দেবে সুনো। একই সঙ্গে পূর্বের এআই মডেল প্রশিক্ষণে ব্যবহৃত বিএমজির গানের অর্থও পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। ওয়ার্নার মিউজিক গ্রুপের পর দ্বিতীয় বড় সংগীত প্রতিষ্ঠান হিসেবে সুনোর সঙ্গে চুক্তি করল বিএমজি।

চুক্তিটি প্রসঙ্গে সুনোর প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা মিকি শালম্যান জানান, সংগীতের ভবিষ্যৎ আরও অংশগ্রহণমূলক হবে। বিএমজির সঙ্গে যুক্ত হয়ে কাজ করার মাধ্যমে শিল্পী ও গীতিকারদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি হবে। অন্যদিকে বিএমজির গ্লোবাল মার্কেটিং ও স্ট্রিমার বিভাগের নির্বাহী সহ-সভাপতি সেলিন জোশুয়া জানান, চুক্তির মূল নীতি হলো শিল্পীদের অধিকার রক্ষা করে নতুন সৃজনশীল সম্ভাবনা তৈরি করা।

নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল বাজারে আনার প্রস্তুতি হিসেবে এই চুক্তি সুনোকে আইনি বৈধতা দিতে সহায়তা করবে। সম্প্রতি সংস্থাটি জানিয়েছে, তাদের প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করা গানে বিশেষ ওয়াটারমার্ক যুক্ত করা হবে, যাতে এআই দিয়ে তৈরি গান সহজেই শনাক্ত করা যায়। এতে করে প্রযুক্তির অপব্যবহার রোধের পাশাপাশি সংগীত শিল্পে নিজেদের অবস্থান আরও জোরালো করতে চায় সুনো।

তবে বিএমজির সঙ্গে সমঝোতা হলেও অন্যান্য আইনি ঝামেলা থেকে এখনো রেহাই পায়নি সুনো। ইউনিভার্সাল মিউজিক গ্রুপ ও সোনি মিউজিকের দায়ের করা কপিরাইট লঙ্ঘনের মামলাগুলো এখনো আদালতে বিচারাধীন। এছাড়া সম্প্রতি একটি জার্মান আদালত রায় দিয়েছে যে, সুনোর কার্যক্রম মার্কিন ও জার্মান কপিরাইট আইন লঙ্ঘন করেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তাসুনোবিএমজিসংগীতকপিরাইট