গুম-হত্যার দুই মামলায় জিয়াউল ও তারেক সাঈদকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল
আওয়ামী লীগ সরকারের শাসনামলে ঘটে যাওয়া গুম ও হত্যার পৃথক দুটি মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) তারেক সাঈদ মোহাম্মাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এই নির্দেশনা জারি করে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর শাইখ মাহদী জানান, কুমিল্লার সাবেক সংসদ সদস্য ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম এবং লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ূন কবিরকে গুম করার অভিযোগে করা মামলায় জিয়াউল ও তারেককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ভুক্তভোগী দুজন এখনো ফিরে আসেননি। ট্রাইব্যুনাল তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়া লক্ষ্মীপুরের যুবদল নেতা আসাদুজ্জামান বাবুল, আবদুল মান্নান ও জহিরুল ইসলাম সুমনকে বিচারবহির্ভূত হত্যা এবং বিএনপি কর্মী বেল্লাল হোসেনকে গুম করার অভিযোগে করা আরেকটি মামলায়ও তাদেরকে হাজির করা হয়। এই মামলায়ও ট্রাইব্যুনাল জিয়াউল ও তারেক সাঈদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।