গেন্ডারিয়ায় সবজি ব্যবসায়ী হত্যা: ১৫ বছর পর ২ জনের যাবজ্জীবন
রাজধানীর গেন্ডারিয়ায় সবজি ব্যবসায়ী চুন্নু মিয়াকে হত্যার ১৫ বছর পর দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার আদালত।
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় দেড় দশক আগে সবজি ব্যবসায়ী চুন্নু মিয়াকে ছিনতাইয়ের পর হত্যার ঘটনায় করা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ছিনতাইয়ের অভিযোগে তাদের আরও পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন বাবু ওরফে বাঘা বাবু এবং মামুন। রায়ের সময় এই দুই আসামিই পলাতক ছিলেন। এ মামলার আরেক অভিযুক্ত সজীব বিচার চলাকালেই মারা গেছেন।
ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল ইসলামের আদালত বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আমিনুল ইসলাম সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।