গেমের লেখককে সরাতে চ্যাটজিপিটির ব্যবহার, অভিযোগ অস্বীকার সেবার সিইওর

ভিডিও গেমের গল্প ও সংলাপে মানুষের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটি ব্যবহার করা হয়েছে—এমন অভিযোগ অস্বীকার করেছে গেমিং প্রতিষ্ঠান সেবার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ম্যাথিউ কার্চ দাবি করেছেন, তাঁদের 'রাইডশেয়ার স্টিমুলেটর' গেমটির গল্প পুরোপুরি মানুষেরই লেখা।
এর আগে গেমটির সাবেক প্রধান লেখক স্টেলা সাকো সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ২০২৩ সালের ডিসেম্বরে গেম তৈরির মাঝপথে তাঁকে সরিয়ে চ্যাটজিপিটি ব্যবহার করা হয়। একই সঙ্গে গেমের যাত্রীদের কণ্ঠও এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে অভিযোগ তুলে তিনি জানান, স্টিম প্ল্যাটফর্মে সেবার বিষয়টি প্রকাশ করেনি।
তবে সেবার সিইও কার্চ জানান, গেমে অসীম সংখ্যক যাত্রী থাকার কারণে একটি পরীক্ষামূলক ফ্রি-রাইড মোডে বাধ্য হয়েই এআই ব্যবহার করা হয়েছে। তবে প্রতিষ্ঠানের ৩,০০০-এর বেশি কর্মীর কারও এআই দিয়ে চাকরি হারানোর ভয় নেই বলে দাবি করেন তিনি।
সিইওর বক্তব্যের জবাবে সাবেক লেখক সাকো বলেন, লেখকের কাজ সরিয়ে সেখানে এআই ব্যবহারের কথা পরোক্ষভাবে স্বীকার করার পরও পুরো বিষয়টি অস্বীকার করা হাস্যকর। তাঁর তৈরি সংলাপে এআই যোগ করা হলেও বাস্তবে তিনি এআইয়ের কারণেই কাজ হারিয়েছেন বলে দাবি করেন।