গ্যাস-বিদ্যুতের বিল ১২ কিস্তিতে শোধের সুযোগ চায় বিকেএমইএ

সাম্প্রতিক জ্বালানি সংকটে নিট পোশাক খাতের কারখানাসমূহ মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় জুলাই ও আগস্ট মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল আগামী ১২ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ চেয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনার অনুরোধ জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ৯ আগস্ট চিঠি পাঠিয়েছে সংগঠনটি।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, জুলাই ও আগস্ট মাসে মারাত্মক গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে নিটওয়্যার কারখানাগুলোর উৎপাদন ব্যবস্থা চরমভাবে ব্যাহত হয়েছে। বিকল্প হিসেবে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহের উদ্যোগ নেওয়া হলেও স্বাভাবিক সরবরাহ না থাকায় অনেক কারখানা তাদের উৎপাদন চালু রাখতে পারেনি।
চিঠিতে উল্লেখ করা হয়, উৎপাদন সচল রাখতে মালিকদের নিজস্ব অর্থ দিয়ে ডিজেল ও এলপিজিসহ বিকল্প জ্বালানি কিনতে হয়েছে। এ খাতে আগে থেকে বরাদ্দ না থাকা বাড়তি খরচের কারণে শিল্পপ্রতিষ্ঠানগুলো বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। ফলে অধিকাংশ কারখানার পক্ষেই এই দুই মাসের জমে থাকা বকেয়া বিল একসঙ্গে পরিশোধ করা কষ্টকর হয়ে পড়েছে।
সংগঠনটি আশা প্রকাশ করেছে যে, তৈরি পোশাকের মতো রপ্তানিমুখী শিল্পকে সচল রাখতে সরকার বিবেচনা ও সহযোগিতা প্রদান করবে। এতে করে রপ্তানি খাতের উৎপাদন স্বাভাবিক থাকবে এবং দেশের অর্থনীতির অগ্রযাত্রাও অব্যাহত থাকবে।