গ্যাস সংকটে শিল্প উৎপাদন অর্ধেকের নিচে, বন্ধ কারখানা

নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেক কারখানায় কাজ বন্ধ রয়েছে।
নারায়ণগঞ্জের কুতুবপুরে অবস্থিত আইএফএস টেক্সটাইল প্রাইভেট লিমিটেড কারখানায় গ্যাসের চাপ কমে যাওয়ায় ডাইং মেশিনগুলো স্বাভাবিক গতিতে চলছে না। এর ফলে প্রতিষ্ঠানটির উৎপাদন অর্ধেকেরও নিচে নেমে এসেছে।
কারখানার কর্মকর্তাদের মতে, উৎপাদন প্রক্রিয়া সচল রাখতে গ্যাসের চাপ ২০ পিএসআই প্রয়োজন হলেও বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৪ থেকে ৫ পিএসআই। এই ঘাটতির কারণে যন্ত্রপাতির পাশে বসে অপেক্ষা করতে হচ্ছে শ্রমিকদের।
নারায়ণগঞ্জের পাশাপাশি গাজীপুর, সাভার, আশুলিয়া ও তেজগাঁওসহ দেশের অন্যান্য শিল্পাঞ্চলেও এই সংকটের প্রভাব পড়েছে। গ্যাসনির্ভর অনেক শিল্পকারখানায় উৎপাদন কমে গেছে, আবার কিছু স্থানে উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে।