গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির

বাসাবাড়ি, শিল্পকারখানা ও যানবাহনে জ্বালানি সংকট নিরসন এবং মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে কারওয়ান বাজারে বিক্ষোভ প্রদর্শন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার বিকেলে দলটির ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে সার্ক ফোয়ারা মোড়ে সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে নেতা-কর্মীরা খালি পাতিল ও বাসন হাতে পেট্রোবাংলা ভবন অভিমুখে প্রতীকী পদযাত্রা করেন।
সমাবেশে এনসিপির নেতারা হুঁশিয়ারি দিয়ে জানান, সংকট না মিটিয়ে যদি গ্যাসের দাম বৃদ্ধির চেষ্টা করা হয়, তবে পেট্রোবাংলা কার্যালয় ঘেরাও করা হবে। ওই সময় ভবনে কর্মকর্তাদের প্রবেশ বা বের হওয়া বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তারা। এছাড়া আগামী ১০ আগস্টের মধ্যে গ্যাস-সংকটের দৃশ্যমান সমাধান না করা হলে জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সম্প্রতি বিদ্যুৎ উৎপাদন খাতে ৬৭ শতাংশ এবং সিএনজিতে ৫১ শতাংশ গ্যাসের দাম বাড়ানোর নীতিগত অনুমোদনের জন্য জ্বালানি বিভাগে প্রস্তাব পাঠিয়েছে পেট্রোবাংলা। একই সঙ্গে ছয়টি বিতরণ কোম্পানির মাশুল বাড়ানোরও আর্জি জানানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানির মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।