চকরিয়ায় ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা মিজান নিহত, ২ আহত
কক্সবাজারের চকরিয়ায় সোমবার বেলা দুইটার দিকে বদরখালী-চিরিংগা সড়কের সাহারবিলের মাইজঘোনা এলাকায় একটি ডাম্প ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। দ্রুতগতির ট্রাকটি মিজানের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ও সঙ্গীরা সড়কে ছিটকে পড়েন।
নিহত মিজান উদ্দিন চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। দুর্ঘটনায় মোটরসাইকেলের অন্য দুই আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মিজানের মৃত্যু হয়।
আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশি হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।