চট্টগ্রামে চাঁদার জন্য ভবনে হামলা: সন্ত্রাসী ইমনের ৫ দিনের রিমান্ড
চট্টগ্রামে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম পুলিশি আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাঁর নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার পর ওই ব্যবসায়ী হাটহাজারী থানায় মামলা করেন। ওই মামলাতেই আদালত ইমনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন সকালে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়।
গত ২৯ জুলাই যশোরের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পথে তিন সহযোগীসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন ইমন। তিনি বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম বিশ্বস্ত সহযোগী। ইমনের বিরুদ্ধে মোট ১৫টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পরদিনই তাঁকে ফটিকছড়ি থানার একটি হত্যা ও অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।
তদন্তকারী কর্মকর্তারা জানান, বড় সাজ্জাদের দলের ৫০ জনের বেশি শুটার ও সহযোগী চাটগাঁ জুড়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে, যার মূল নেতৃত্বে ছিলেন ইমন ও রায়হান নামে দুজন। তরুণ বয়সে ক্রিকেটার হওয়ার স্বপ্ন থাকা ফটিকছড়ির বাসিন্দা ইমন বিভিন্ন ক্লাবে নিয়মিত অনুশীলনও করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বড় সাজ্জাদের দলে যোগ দিয়ে তিনি পুরোদস্তুর অপরাধ জগতে জড়িয়ে পড়েন।