চট্টগ্রামে মাদক বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় ছুরিকাঘাতে শাহীন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, মাদক কারবার সংক্রান্ত কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পশ্চিম মাদারবাড়ি ১ নম্বর গলির আব্দুল সালাম মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহীন একই এলাকার ইয়াসিন গলি (মোগলটুলি) এলাকার বাসিন্দা এবং তিনি মৃত নুরুল হকের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অজ্ঞাতনামা এক ব্যক্তি শাহীনের ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আশেক জানান, শাহীনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের তথ্য অনুযায়ী, নিহত শাহীন খুচরা পর্যায়ে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। সন্দেহভাজন হত্যাকারীও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্থানীয়ভাবে তথ্য পাওয়া গেছে।
সিএমপির কোতোয়ালি থানার ওসি জায়েদ মোহাম্মদ নাজমুন নূর এবং পশ্চিম মাদারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।