চট্টগ্রামে সাঁড়াশি অভিযানে ১৬ জনের গ্রেফতারি, ১ হাজার ৫০ গ্রাম গাঁজা উদ্ধার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে। এ সময় ১ হাজার ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদককারবারি, ডাকাতির প্রস্তুতি মামলার এক তদন্তভুক্ত আসামি এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত অন্য আসামিদের হাতে ধরা পড়ে।
শনিবার (১ আগস্ট) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এসআই আব্দুল আউয়াল, এসআই মিজানুর রহমান, এসআই অনুপ কুমার ধর, এসআই নাঈমুর রহমান ও এএসআই সামছুদ্দোহাসহ একটি দল মাদক, ছিনতাই ও গ্রেফতারি পরোয়ানা তামিলের উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১ হাজার ৫০ গ্রাম গাঁজাসহ মো. সোহেল (২৮) ও আশরাফুল (২০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামি ও পেশাদার ছিনতাইকারী হিসেবে অভিযুক্ত মেহেদী ইসলাম (২২)-কে গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন পলাতক থাকা মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি শাহানুর প্রকাশ শানুকেও হাতেনাতে ধরা পড়ে। অভিযান চলাকালে কোতোয়ালী থানার গোয়ালপাড়া এলাকায় উদ্দেশ্যহীন ও সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে সিএমপি অধ্যাদেশের আওতায় আরও ১২ জনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।