অপরাধ

চট্টগ্রামে ২২ লাখ টাকার চোরাই বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব

৩০ জুলাই ২০২৬
চট্টগ্রামে ২২ লাখ টাকার চোরাই বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব
চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় অভিযান চালিয়ে ২২ লাখ টাকা মূল্যের সাড়ে আট হাজারেরও বেশি প্যাকেট চোরাই বিদেশি সিগারেট উদ্ধার করেছে র‍্যাব-৭।

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় পার্সেল গাড়ির পার্কিংয়ে অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের চোরাই বিদেশি সিগারেট উদ্ধার করেছে র‍্যাব-৭। গত বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালিত হয়। পরবর্তীতে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কোতোয়ালি থানার নূর আহমদ সড়কের কাজীর দেউড়ি এলাকায় এসএ পরিবহন পার্সেল ও কুরিয়ার সার্ভিসের গাড়ি পার্কিংয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট কেনাবেচা চলছে। উক্ত তথ্যের সত্যতা যাচাই শেষে সেখানে ঝটিকা অভিযান চালায় র‍্যাবের একটি দল।

অভিযানে ৪৭০ কার্টনে ৪ হাজার ৭০০ প্যাকেট ওরিজ, ২৯৪ কার্টনে ২ হাজার ৯৪০ প্যাকেট প্যাট্রন, ৩৭ কার্টনে ৩৭০ প্যাকেট এস লাইট, ২৩ কার্টনে ২৩০ প্যাকেট মিলানো ব্ল্যাক, ১২ কার্টনে ১২০ প্যাকেট মন্ড সুপার স্লিমস, ৫ কার্টনে ৫০ প্যাকেট মন্ড সিলভার এবং ১৮ কার্টনে ১৮০ প্যাকেট ম্যানচেস্টার ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, উদ্ধার হওয়া মোট ৮ হাজার ৫৯০ প্যাকেট বিদেশি সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ টাকা। জব্দ করা মালামালের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামর‍্যাবচোরাই সিগারেটঅভিযানকোতোয়ালি