চট্টগ্রামের সন্ত্রাসী ইমনের মাসে ১ কোটি টাকার চাঁদা, অর্ধেক যেত বিদেশে
চট্টগ্রামে মাসে গড়ে প্রায় ১ কোটি টাকার চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকার কথা পুলিশকে জানিয়েছেন চিহ্নিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। তবে আদায় করা এই বিশাল অঙ্কের অর্থ তিনি একাই রাখতেন না, বরং এর একটি বড় অংশ অর্থাৎ ৫০ লাখ টাকা পাঠিয়ে দিতেন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর কাছে।
গত ২৯ জুলাই যশোর এলাকা থেকে গ্রেপ্তার হন অন্তত ১৫টি মামলার আসামি ইমন। বর্তমানে ফটিকছড়ি থানার একটি হত্যা ও অস্ত্র মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রিমান্ড চলাকালেই নিজের অপরাধের ধরন ও চাঁদাবাজির এই তথ্য প্রকাশ্যে আনেন তিনি।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার চক্রটি প্রথমে স্থানীয় ব্যবসায়ীদের খোঁজখবর ও তথ্য সংগ্রহ করত। এরপর আন্তর্জাতিক নম্বর ব্যবহার করে ফোন দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হতো। ব্যবসায়ীরা টাকা দিতে রাজি না হলে তাদের প্রতিষ্ঠান বা লক্ষ্যবস্তুতে গুলি চালিয়ে ভয়ভীতি সৃষ্টি করে জোরপূর্বক চাঁদা আদায় নিশ্চিত করা হতো।