চলচ্চিত্রের মাধ্যমে উন্নয়ন: ব্রাজিলে প্রথম আন্তর্জাতিক নগর সম্মেলন

ব্রাজিলের গ্রামাদোয় আগামী ১২ থেকে ১৪ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রথম আন্তর্জাতিক নগর সম্মেলন’। গ্রামাদো ফিল্ম মার্কেটের অংশ হিসেবে আয়োজিত এই সম্মেলনে কলম্বিয়ার মেদেয়িন, ব্রাজিলের রিও ডি জেনেইরো, পোর্তো অ্যালেগ্রে, মারিকা ও স্বাগতিক গ্রামাদো শহরের স্থানীয় কর্তৃপক্ষ অংশ নেবে। এছাড়া ব্রাজিল ও আইবেরো-আমেরিকান বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও এতে যোগ দিয়ে আলোচনা করবেন কীভাবে চলচ্চিত্র শিল্প ও সৃজনশীল অর্থনীতি একটি অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
সম্মেলনে ২৪ লাখ জনসংখ্যার কলম্বিয়ার মেদেয়িন শহর এবং ৪০ হাজার বাসিন্দার পর্যটন নগরী গ্রামাদোর সফলতার অভিজ্ঞতা বিশেষভাবে তুলে ধরা হবে। মেদেয়িনের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক সচিব মারিয়া ফার্নান্দা গালিয়ানো রুহো এবং ফিল্ম কমিশন সমন্বয়ক কার্লা ভালদেরামা তাদের শহরের নগর রূপান্তর ও বিনিয়োগ আকর্ষণের অভিজ্ঞতা উপস্থাপন করবেন। অন্যদিকে, গ্রামাদো ফিল্ম মার্কেটের সাধারণ সমন্বয়ক রালফে কার্দোসো জানান, টানা ৫৪ বছর ধরে চলা চলচ্চিত্র উৎসব গ্রামাদোকে রিও ডি জেনেইরোর পর ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্রে পরিণত করেছে।
গ্রামাদো ফিল্ম মার্কেটের ১০ম আসরে অ্যামাজন এমজিএম স্টুডিওস, গ্লোবো ফিল্মস, গ্লোবোপ্লে ও ভিট্রিণ ফিল্মসের মতো শীর্ষ প্রতিষ্ঠানের নির্বাহীরা অংশ নেবেন। অনুষ্ঠানে স্বাধীন চলচ্চিত্রের প্রসার, দেশীয় বাজারের সম্ভাবনা এবং প্রযুক্তির পরিবর্তন নিয়ে পৃথক প্যানেলে আলোচনা করবেন লেতিসিয়া ফ্রিডরিশ, গাব্রিয়েল পোর্তেলা ও মার্সেলো পেদ্রাজ্জির মতো বিশেষজ্ঞরা।