চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের পাঁচটি নির্বাচন সম্পন্ন করা হবে।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।
শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিনি শ্রীমঙ্গলে বিশেষ কিছু বিষয় দেখতে এসেছেন। এর মধ্যে ময়লার ভাগাড় উল্লেখযোগ্য। প্রশাসনের সাথে আলোচনার পর তিনি সিদ্ধান্ত দিয়েছেন, শহর থেকে দূরে একটি পরিবেশবান্ধব স্থানে ময়লার ভাগাড়টি সরিয়ে ফেলা হবে এবং সেখানে একটি ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, বৃহত্তর সিলেটের জন্য প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার জেলার জন্য প্রায় এক হাজার কোটি টাকার বরাদ্দ রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে শ্রীমঙ্গলকে। এছাড়া খুব শিগগিরই পৌরসভা সম্প্রসারণের অনুমোদন দেওয়া হবে বলেও জানান তিনি।
এসময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজান রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক তফায়জুর রহমান ময়ুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।