অপরাধ

চাঁদপুরে মাদক কারবারির সঙ্গে সম্পর্ক, বরখাস্ত ৫ পুলিশ সদস্য

১৩ আগস্ট ২০২৬
চাঁদপুরে মাদক কারবারির সঙ্গে সম্পর্ক, বরখাস্ত ৫ পুলিশ সদস্য
মাদক কারবারির সাথে যোগাযোগ ও লেনদেনের প্রাথমিক প্রমাণ মেলায় চাঁদপুরের শাহরাস্তি থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদক কারবারির সঙ্গে অনৈতিক যোগাযোগ ও অর্থ লেনদেনের প্রাথমিক তদন্তে সত্যতা মেলায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ। গত ১২ আগস্ট বুধবার চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। পরদিন ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আ. হাই চৌধুরী।

সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন, সহকারী উপপরিদর্শক (এএসআই) শহীদ উল্লাহ, কনস্টেবল শরিফ উদ্দিন, কনস্টেবল ইসতিয়াক এবং গাড়িচালক নজরুল ইসলাম। সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সতত্যা মিলায় তাদের বরখাস্ত করা হয়। চূড়ান্ত তদন্ত শেষে বিভাগীয় বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সূত্রপাত গত ২৮ জুলাই। শাহরাস্তি উপজেলার আয়নাতলী এলাকায় স্থানীয়রা মিজানুর রহমান নামের এক অভিযুক্ত মাদক কারবারিকে আটক করে। তার ব্যবহৃত মোবাইল ফোনে বেশ কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে যোগাযোগের অডিও, বার্তা ও টাকা লেনদেনের প্রমাণ পাওয়ার দাবি করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এ নিয়ে বিভাগীয় তদন্ত শুরু করে।

তদন্ত চলাকালীন ৩ আগস্ট এএসআই শহীদ উল্লাহ এবং ৫ আগস্ট কনস্টেবল শরিফ উদ্দিনকে কুমিল্লায় বদলি করা হয়েছিল। পরবর্তীতে পুরো তদন্তে পাঁচজনের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা পুলিশ বরখাস্তের নির্দেশ দেয়। অপরাধ ও অনিয়মের ক্ষেত্রে বাহিনীতে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চাঁদপুরপুলিশ বরখাস্তমাদক কারবারিশাহরাস্তিঅপরাধ