চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের যুবকদের ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী গ্রামে মাদকবিরোধী অভিযানের সময় এক বিদেশফেরত ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম শাহজাহান পাটওয়ারী। তিনি মান্দারী গ্রামের মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, মান্দারী এলাকায় একদল যুবক মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল। তাঁদের দৌড়াদৌড়ি দেখে শাহজাহান কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে যুবকেরা তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিনি গুরুতর আহত হন। চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর মহামায়া এলাকায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। পরে চাঁদপুর মডেল থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং জড়িত সন্দেহে একজনকে আটক করে। নিহত প্রবাসীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের নির্দেশে এই হামলা হয়েছে। তবে স্বপন মাহমুদ দাবি করেছেন, তিনি ঘটনার সময় এলাকায় ছিলেন না। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।