চিকিৎসার জন্য বিদেশে যাওয়া বন্ধে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রাজধানীতে ৫০০ শয্যার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নবনির্মিত ১৫ তলা 'ভবন-২'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চিকিৎসক, রোগী ও স্বজনদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহানুভূতির সম্পর্ক না থাকলে কেবল পরিকাঠামো বাড়িয়ে চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ করা যাবে না।
প্রধানমন্ত্রী জানান, ২০০৬ সালের ২৩ অক্টোবর এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসাসেবার মান বাড়াতে প্রযুক্তির সাথে চিকিৎসকদের মানবিক আচরণের ওপর জোর দিয়ে তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়নে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট গঠন এবং উপজেলা হাসপাতালগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ চলছে। পাশাপাশি ই-হেলথ কার্ড ও আধুনিক রেফারেল ব্যবস্থারও উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এই ভবনের মাধ্যমে স্ট্রোক, এপিলেপসি ও নিউরো চিকিৎসার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া অনুষ্ঠানে স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।