চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে ঠেলে পাঠানোর বিএসএফের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধভাবে মানুষ ঠেলে পাঠানোর একটি চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কঠোর অবস্থানের কারণে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি তারা।
শনিবার গভীর রাতে বিএসএফের ৩২ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের জোয়ানেরা ওই তিনজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়। সে সময় ৫৮ বিজিবির মাধবখালী ক্যাম্পের টহল দল শূন্যরেখায় তাঁদের আটকে দেয়। বিজিবির বাধার মুখে বিএসএফ বাধ্য হয়ে ওই তিনজনকে ভারতীয় ভূখণ্ডের দিকে সরিয়ে নেয়। পরে ভোররাত ৫টা ২০ মিনিটে তাঁরা কাঁটাতারের কাছে অবস্থান করেন।
পরদিন রোববার সকাল ৮টার দিকে সীমান্ত পিলার ৬৮/৫-এস সংলগ্ন ফটক খুলে বিএসএফের সদস্যরা তাঁদের নিজেদের ভূখণ্ডে ফেরত নিয়ে যান। বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বিজিবির সতর্কতার কারণেই এই চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি বিএসএফের উর্ধ্বোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।