শিক্ষা

চুয়েটের একই পুকুরে ডুবে আবার ২ শিক্ষার্থীর মৃত্যু

১২ আগস্ট ২০২৬
চুয়েটের একই পুকুরে ডুবে আবার ২ শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি পুকুরে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি পুকুরে গোসলে নেমে ডুবে গেছেন দুই শিক্ষার্থী। বুধবার দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন। তাঁরা হলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব এবং কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের অর্ণব দত্ত।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে একপর্যায়ে দুজনেই পানির নিচে তলিয়ে যান। সহপাঠীরা তাঁদের খোঁজাখুঁজি করে একজনকে ৮ থেকে ১০ মিনিটের মধ্যে এবং অন্যজনকে প্রায় ৪০ থেকে ৫০ মিনিট পর পানি থেকে উদ্ধার করেন।

উদ্ধারের পর প্রথমে তাঁদের বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং পরিবারের ইচ্ছে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে নেমে প্রাণ হারিয়েছিলেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র অর্ণব সাহা। ওই মর্মান্তিক ঘটনার পর পুকুরটির চারপাশে নিরাপত্তাবেষ্টনী তৈরি ও পার বড় করার আশ্বাস দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চুয়েটপুকুরে ডুবে মৃত্যুশিক্ষার্থী মৃত্যুচট্টগ্রাম