ছয় মাস পার হলেও অর্থনীতির পুঞ্জীভূত সংকট কাটেনি, মূল্যস্ফীতি অব্যাহত

বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হলেও অর্থনীতির মূল সূচকগুলোতে কাঙ্ক্ষিত উন্নতি দেখা যাচ্ছে না। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান জানান, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, বেসরকারি খাতে ঋণপ্রবাহের নিম্নগতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাধা এখনো অব্যাহত রয়েছে।
তিনি উল্লেখ করেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকট বিনিয়োগের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়েছে। নতুন শিল্পকারখানায় গ্যাসের সংযোগ দেওয়া সম্ভব না হওয়ায় বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাচ্ছে। যদিও সরকার বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা, ব্যাংকিং খাতে সুবিধা এবং সিঙ্গেল উইন্ডো বাস্তবায়নের মতো উদ্যোগ নিয়েছে, তবুও পুঞ্জীভূত চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার লক্ষণ এখনো দেখা যায়নি।
অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান স্বল্পমেয়াদে জ্বালানি আমদানি বাড়ানোর এবং মধ্যমেয়াদে বাপেক্সের মাধ্যমে দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়াতে পরামর্শ দিয়েছেন। এছাড়া বিডা ও পিপিপিসহ বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং বিনিয়োগকারীদের দ্রুত সেবা প্রদান নিশ্চিত করা জরুরি বলে মনে করেন তিনি।