জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের কুপিয়ে বড় ভাই নিহত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কুপিয়ে বড় ভাই নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বহলবাড়ীয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম (৫০) একই এলাকার মৃত ওহাব মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নুর ইসলাম এবং তার আপন ছোট ভাই হেলালের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় হেলাল ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে বড় ভাই নুর ইসলামকে জখম করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে নুর ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই হেলালকে (৪৪) আটক করেছে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।