অপরাধ

জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ২৮০ ইয়াবাসহ গ্রেপ্তার ১

৩১ জুলাই ২০২৬
জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ২৮০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবাসহ দেলোয়ার হাওলাদার নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

বরিশালের জয়ন্তী নদীতে একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ২৮০টি ইয়াবাসহ দেলোয়ার হাওলাদার (৩৩) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযানটি চালানো হয়। আটক ব্যক্তির বাড়ি মুলাদী থানার সফিপুর ইউনিয়নের বজ্রমোহন গ্রামে। অভিযানের সময় মাদক বহনে ব্যবহৃত ট্রলারটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে।

ঢাকা নৌ পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই জয়ন্তী নদীতে অবস্থান নিয়েছিল নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বেলায়েত হোসেন খানের নেতৃত্বাধীন একটি দল। রাতে সন্দেহভাজন ট্রলারটির গতিরোধ করার পর আটক দেলোয়ারকে জিজ্ঞাসাবাদ শেষে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে দেলোয়ারের পরনের লুঙ্গির বাঁ কোঁচড় থেকে স্কচটেপ দিয়ে পেঁচানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। পরে স্থানীয় ও সাক্ষীদের সামনে আলো জ্বালিয়ে প্যাকেট দুটি খুলে মোট ২৮০টি হালকা গোলাপি রঙের ইয়াবা বড়ি পাওয়া যায়।

নৌ পুলিশ জানায়, বিধি অনুযায়ী জব্দতালিকা তৈরি করে ইয়াবা ও ট্রলার নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তার দেলোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে নৌ পুলিশের এমন জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বরিশালইয়াবা উদ্ধারনৌ পুলিশজয়ন্তী নদীমাদক গ্রেপ্তার