অপরাধ

জামালপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ১ মৃত, ২ আহত

১৫ আগস্ট ২০২৬
জামালপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ১ মৃত, ২ আহত
জামালপুরের ইসলামপুরে ডাকাত সন্দেহে স্থানীয়রা তিনজনকে ধরে পিটুনি দেয়। এতে একজনের মৃত্যু এবং আরও দুজন আহত হন।

জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের উলিয়া এলাকায় ডাকাত সন্দেহে তিনজনকে ধরে স্থানীয়রা গণপিটুনি দিয়েছেন। শনিবার সকালে এই ঘটনায় নুর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন।

নিহত নুর মোহাম্মদ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বাসিন্দা। আহত দুজন হলেন গাইবান্ধার বাটিকামারি এলাকার জাহাঙ্গীর (৪০) ও দেওয়ানগঞ্জ উপজেলার বরখাল গ্রামের রফিকুল (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই তিনজন একটি ছোট নৌকায় করে যমুনা নদীর বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় যান। এ সময় স্থানীয় জেলেরা তাঁদের ডাকাত মনে করে ধাওয়া শুরু করেন। ধাওয়া খেয়ে তারা গুঠাইল এলাকায় পৌঁছালে সেখানকার লোকজনও পিছু নেন। পরে উলিয়া এলাকায় স্থানীয়রা তিনজনকে ধরে ফেলে এবং মারধর করে।

খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নুর মোহাম্মদের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত জাহাঙ্গীর ও রফিকুলকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরগণপিটুনিডাকাত সন্দেহমৃত্যুইসলামপুর