খেলা

জিদানের কোচিংয়ে ফ্রান্সের প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি এক দিনেই

২ আগস্ট ২০২৬
জিদানের কোচিংয়ে ফ্রান্সের প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি এক দিনেই
ফরাসি জাতীয় দলের প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের প্রথম ম্যাচের সব টিকিট এক দিনেরও কম সময়ে বিক্রি হয়ে গেছে।

ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের অভিষেক ঘিরে সমর্থকদের উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। ঘরের মাঠে কোচ হিসেবে তাঁর প্রথম ম্যাচের টিকিট ছাড়ার এক দিনেরও কম সময়ের মধ্যে তা পুরোপুরি শেষ হয়ে গেছে।

আগামী ২ অক্টোবর উয়েফা নেশনস লিগের ম্যাচে ইতালির মুখোমুখি হবে ফরাসিরা। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক 'স্তাদ দ্য ফ্রান্স' স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই খেলার আর কোনো টিকিট অবশিষ্ট নেই বলে নিশ্চিত করেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালনের পর দিদিয়ে দেশম সরে দাঁড়ালে জিদানকে নতুন কোচ হিসেব নিয়োগ দেওয়া হয়। তাঁর অধীনে ফ্রান্স আবারও বিশ্ব ও ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করবে বলে সমর্থকেরা আশা করছেন।

তবে ঘরের মাঠে নামার আগেই জিদানের প্রথম পরীক্ষা শুরু হয়ে যাবে। আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের মাটিতে নেশনস লিগের ম্যাচ খেলবে ফ্রান্স এবং ২৮ সেপ্টেম্বর বেলজিয়ামের মুখোমুখি হবে তাঁর দল। পরবর্তীতে ৫ অক্টোবর প্যারিসে বেলজিয়ামের বিরুদ্ধে ফিরতি হোম ম্যাচেরও অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম আরএমসি।

জিনেদিন জিদানফ্রান্স ফুটবলউয়েফা নেশনস লিগস্তাদ দ্য ফ্রান্স