প্রযুক্তি

জিমেইনি ও চ্যাটজিপিটি, দুই এআই অ্যাপই পেরোল ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক

১১ আগস্ট ২০২৬
জিমেইনি ও চ্যাটজিপিটি, দুই এআই অ্যাপই পেরোল ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক
গুগলের জিমেইনি ও ওপেনএআইয়ের চ্যাটজিপিটি—দুই এআই অ্যাপই মাসিক ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করেছে।

গুগলের সিইও সুন্দর পিচাই এক্সে জানান, প্রতি মাসে ১০০ কোটি মানুষ জিমেইনি ব্যবহার করছে। তিনি এটিকেই গুগলের ইতিহাসের সবচেয়ে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত পণ্য হিসেবে উল্লেখ করেছেন। এটি গুগলের ১৪তম পণ্য, যা এই বিশাল মাইলফলক অর্জন করতে পেরেছে।

এর কয়েক সপ্তাহ আগে ওপেনএআইয়ের চ্যাটজিপিটিও ১০০ কোটি ব্যবহারকারীর সংখ্যা ছুঁয়েছিল। যদিও কোম্পানিটি এই খবরটি একটি সাধারণ ব্লগ পোস্টের মাধ্যমেই জানিয়েছিল। ওপেনএআইয়ের প্রবক্তা লিন্ডসে ম্যাককালম জানান, চ্যাটজিপিটি কিছুদিন আগেই মাসিক ১০০ কোটি ব্যবহারকারী ছাড়িয়েছিল এবং গত জুলাইয়ে সপ্তাহে ১০০ কোটি ব্যবহারকারী পৌঁছায়।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, চ্যাটজিপিটি বর্তমানে বড় প্ল্যাটফর্ম হলেও জিমেইনি দ্রুতগতিতে বাড়ছে। গত ফেব্রুয়ারিতে চ্যাটজিপিটির সপ্তাহে সক্রিয় ব্যবহারকারী ছিল ৯০০ মিলিয়ন, যা পাঁচ মাসের মধ্যে ১০০ কোটিতে পৌঁছানোতে কোম্পানির বৃদ্ধির হার কিছুটা কমতে দেখা গেছে। অন্যদিকে, জিমেইনি গত ফেব্রুয়ারিতে ৭৫০ মিলিয়ন থেকে গত জুলাইয়ের শেষের দিকে ৯৫০ মিলিয়নে উঠেছিল এবং গত সপ্তাহেই ১০০ কোটিতে পৌঁছেছে।

জিমেইনির ব্যবহারকারীদের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সংখ্যা সবচেয়ে বেশি, কারণ অ্যান্ড্রয়েডে এটি আগে থেকেই ইনস্টল করা থাকে। আইওএসে এর ১০০ মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। একই সময়ে, ক্লাউডের মতো অন্য এআই মডেলগুলোও দ্রুত বাড়ছে, যদিও তাদের সঠিক ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ্যে আসেনি।

এবার ১০০ কোটি ব্যবহারকারী অর্জনের প্রতিযোগিতা শেষ। এখন এই কোম্পানিগুলোর চ্যালেঞ্জ হলো, এই বিশাল ব্যবহারকারী ভিত্তিকে কীভাবে কাজে লাগানো যায় এবং সেখান থেকে আয় করা যায়। চ্যাটজিপিটি আগে এআই চ্যাটবোটের ক্ষেত্রে একক নেতৃত্ব দিত, কিন্তু এখন সেই ব্যবধান অনেকটা কমে গেছে।

এআইচ্যাটজিপিটিজিমেইনিগুগলওপেনএআই