অর্থনীতি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
জুলাই গণঅভ্যুত্থান দিবসের সরকারি ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে, তবে পাসপোর্টযাত্রীদের যাতায়াত স্বাভাবিক।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল থেকেই বন্ধ রয়েছে বন্দর ও কাস্টমসের যাবতীয় প্রশাসনিক কাজ। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অন্যান্য দিনের মতোই চালু রয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, সরকারি ছুটি থাকায় বুধবার দিনভর পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় কাস্টমস ও বন্দরের কার্যক্রম চালু হবে এবং আমদানি-রপ্তানি শুরু হবে। বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেনও একই কথা নিশ্চিত করেছেন। তবে পণ্য খালাস হওয়া ভারতীয় খালি ট্রাকগুলো ভারতে ফেরত যেতে পারছে বলে তিনি জানান।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বাণিজ্য স্থগিত থাকলেও দুদেশের মধ্যে যাত্রী পারাপার একদম স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, এই বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে ২৫০ থেকে ৩০০ ট্রাক পণ্য আমদানি হয় এবং ৫০ থেকে ১২০ ট্রাক পণ্য রপ্তানি করা হয়ে থাকে। এখান থেকে সরকার দৈনিক গড়ে প্রায় ৪০ কোটি টাকা রাজস্ব পায়।

বেনাপোল বন্দরআমদানি-রপ্তানিজুলাই গণঅভ্যুত্থান দিবসবেনাপোল-পেট্রাপোল