জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার সব খরচ বহন করবে সরকার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রামের জোড়া লাগা দুই শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার সকল দায়িত্ব সরকার গ্রহণ করেছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্পূর্ণ সরকারি খরচে শিশু দুটির চিকিৎসা পরিচালিত হবে।
সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে শিশু দুটিকে ঢামেক হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। ভর্তির পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল হাসপাতালে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন।
মন্ত্রী জানান, নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির এই সন্তানদের আর্থিক অনটনে চিকিৎসা করাতে না পেরে গ্রামে ফিরে যেতে হয়েছিল। পরবর্তীতে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে প্রধানমন্ত্রীর নজরে বিষয়টি আসে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিবারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ঢামেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, সেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। প্রয়োজনে বিদেশ থেকেও বিশেষজ্ঞ আনা হবে। শিশু দুটির চিকিৎসা ও যাবতীয় খরচ সরকার বহন করবে। হাসপাতালে অবস্থানকালে পরিবারের খাবারের ব্যবস্থা করেছে ঢামেক কর্তৃপক্ষ। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিবারটির দৈনন্দিন খরচের জন্য ৫ হাজার টাকা নগদ দেন।
প্রায় তিন মাস আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে জয়নব ও উম্মে কুলসুমের জন্ম হয়। তারা নাহিদ-সানজিদা দম্পতির দ্বিতীয় সন্তান। এই দম্পতির একটি ছেলেসন্তানও রয়েছে।