অর্থনীতি

জ্বালানি সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া: বিদ্যুৎমন্ত্রী

১১ আগস্ট ২০২৬
জ্বালানি সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া: বিদ্যুৎমন্ত্রী
দেশে বিদ্যুতের ঘাটতি ও জ্বালানি খাতের সংকট আগের সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে মন্তব্য করেছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত নীতিকে দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি সংকট সামাল দিয়েছে। মঙ্গলবার রাজধানীতে এফইআরবি আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, অতীতে যেখানে পয়সা বানানো যায় সেখানে উন্নয়ন হয়েছে, ফলে আজ একটি টার্মিনাল বন্ধ হলেই গ্যাসের হাহাকার তৈরি হচ্ছে।

অনুষ্ঠানে মন্ত্রী জানান, সরকারি প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনার পাশাপাশি বেসরকারি খাতেও তেল বিক্রির পরিকল্পনা চলছে এবং এর জন্য নীতিমালা তৈরি হচ্ছে। একই সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, বর্তমানে দেশে গ্যাস ও বিদ্যুতের চাহিদা ও সরবরাহে বড় ব্যবধান রয়েছে। তিনি জানান, দেশীয় উৎপাদন ও আমদানি মিলিয়ে দৈনিক ১২০ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। একটি ভাসমান এলএনজি টার্মিনাল চালুতে সাধারণ নিয়মে ৩০ থেকে ৩৬ মাস লাগলেও সরকার দুই বছরের মধ্যে এটি করার চেষ্টা করছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে বুয়েটের সাবেক অধ্যাপক ইজাজ হোসেন বলেন, ২০৩০ সালে দেশে গ্যাসের চাহিদা বেড়ে ৪৬০ কোটি ঘনফুট হতে পারে, তাই দ্রুত দেশীয় অনুসন্ধান বাড়িয়ে উৎপাদন অন্তত ২০০ কোটি ঘনফুটে রাখা প্রয়োজন। জ্বালানি বিশেষজ্ঞ এম তামিম এবং ক্যাবের উপদেষ্টা এম শামসুল আলম বাজার সুরক্ষায় নীতিগত পরিবর্তন ও ভারতের আদানি পাওয়ারের বিদ্যুতের দাম সমঝোতার মাধ্যমে কমানোর সুপারিশ করেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এফইআরবির চেয়ারম্যান এম আজিজুর রহমান।

জ্বালানি সংকটবিদ্যুৎ মন্ত্রীগ্যাস ঘাটতিএলএনজিএফইআরবি