ঝিনাইদহে কৃষক হত্যা: ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন

ঝিনাইদহের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যার দায়ে বাবা ও ছেলেকে ভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। রায়ে ২৬ বছর বয়সী আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং তার ৫৬ বছর বয়সী বাবা ইউনুস পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মাসুদ আলী এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী নায়েব আলীর ওপর হামলা চালান ইউনুছ আলী ও তার ছেলে আল-আমিন। তাদের মারধরে ওই কৃষকের মৃত্যু হলে নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট বাবা-ছেলেকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়।
বিচারিক কাজ শুরুর মাত্র সাত কার্যদিবসের মধ্যে দ্রুততম সময়ে এই মামলার শুনানি ও বিচারপ্রক্রিয়া শেষ হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিনকে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবনপ্রাপ্ত ইউনুস আলীকে ২০ টাকা জরিমানা করা হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করে দ্রুত দণ্ড কার্যকরের প্রত্যাশা জানিয়েছে।