অপরাধ

ঝিনাইদহে মেসে খাবার নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু

২০ আগস্ট ২০২৬
ঝিনাইদহ শহরের একটি মেসে খাবার ও বাজার করা নিয়ে তর্কের জেরে ছুরিকাঘাতে এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে এক মাদ্রাসাছাত্রকে আটক করেছে।

ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মেসে ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। খাবার খাওয়া ও বাজার করা নিয়ে কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এক মাদ্রাসাছাত্রকে আটক করেছে।

নিহত কাউসার আলী (২১) হরিণাকুণ্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। আটক লিখন (১৮) ঝিনাইদহ সদর উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামের বাসিন্দা। তিনি শহরতলির বাড়িবাথান দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাউসার ও লিখন ওই মেসের একই কক্ষে থাকতেন। সন্ধ্যায় মেসে খাবার না থাকা ও বাজার করা নিয়ে লিখন মেস ব্যবস্থাপকের সঙ্গে তর্ক করেন। বিষয়টি নিয়ে কথা বলতে এগিয়ে আসলে কাউসারের সঙ্গে লিখনের তর্ক হয়। কাউসার কাঠের টুকরা দিয়ে লিখনকে আঘাত করলে হাতাহাতি শুরু হয়। এরপর লিখন পাশে থাকা ছুরি দিয়ে কাউসারের পিঠে আঘাত করেন।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কাউসারকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ ইসলাম তন্নী জানান, রক্তাক্ত অবস্থায় তরুণটিকে নিয়ে আসলে পরীক্ষায় মৃত্যু নিশ্চিত হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মাদ্রাসাছাত্র লিখনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।

ঝিনাইদহছুরিকাঘাতশিক্ষার্থীমৃত্যুপুলিশ