টাঙ্গাইলে নিখোঁজের পরদিন উদ্ধার পলিটেকনিক শিক্ষার্থীর মরদেহ

টাঙ্গাইলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার পরদিন জিহাদ হোসেন আসিফ (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে সদর উপজেলার টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের গাড়াইল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসিফ টাঙ্গাইল সদরের চর পাতুলী কচুয়াডাঙ্গা এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি হাজী আবুল হোসেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (হাবিট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে পুটিয়াজানি হাটে মুরগি বিক্রি করতে যান আসিফ। সেখানে চাচাতো ভাই তামিমকে কাজের কথা বলে তিনি বের হয়ে যান। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। রাত ৮টা পর্যন্ত আসিফের মোবাইল ফোন বন্ধ পেয়ে পরিবারের সদস্যরা বিষয়টি থানায় জানান।
পরদিন শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।