ট্রাম্পকে বাঁচাতে ১০০ যাত্রীর জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগ
সম্প্রতি তুরস্ক সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত গোপনে অন্য একটি বিমানে স্থানান্তর করা হয়। এ ঘটনার তথ্য মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা। গত মঙ্গলবার তারা বিষয়টিতে স্পষ্ট ব্যাখ্যা ও ব্রিফিং দাবি করেছেন। একই সঙ্গে ওই সময়ে কেন সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমকে বিভ্রান্ত করা হয়েছিল, সে বিষয়েও তারা প্রশ্ন তুলেছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ট্রাম্পের ওপর ইরানের একটি হত্যা পরিকল্পনার বিষয়ে নিশ্চিত তথ্য পান মার্কিন গোয়েন্দারা। সেই হুমকির ভিত্তিতেই ট্রাম্পের সুরক্ষায় তাকে খাবার সরবরাহের একটি বিশেষ ট্রাকে করে এয়ারফোর্স ওয়ান থেকে গোপনে বের করে নেওয়া হয়।
বিমানের এক পাশের দরজা দিয়ে ট্রাম্পকে বের করে নেওয়া হলেও সেই এয়ারফোর্স ওয়ানে অবস্থান করছিলেন সরকারি কর্মকর্তা, সহকারী ও সাংবাদিকসহ প্রায় শতাধিক মানুষ। সম্ভাব্য সেই বিপদের কথা গোপন রেখে তাদের নিয়েই বিমানটি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়, যা নিয়ে বর্তমানে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।