ট্রাম্পের মন্ত্রিসভা বৈঠকের সময় ইরানের হামলায় মার্কিন পাহারায় থাকা দুই ট্যাংকার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং থমকে যাওয়া যুদ্ধ নিয়ে আলোচনার জন্য মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন, ঠিক সেই সময়ে ইরান হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর পাহারায় থাকা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) শুক্রবার জানায়, নীতি অমান্যকারী দুটি ট্যাংকারে আঘাত করা হয়েছে এবং সেগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আরও চারটি ট্যাংকার দ্রুত তাদের গতিপথ পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে যায়। উল্লেখ্য, জাহাজগুলো মার্কিন বিমানবাহিনীর পাহারায় একটি ‘অঘোষিত রুট’ ব্যবহার করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল।
ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই জানিয়েছে, হরমুজ প্রণালি পার হতে জাহাজগুলোকে দুটি ভিন্ন রুট ব্যবহার করতে হবে। ওমান উপকূলের কাছে অবস্থিত দক্ষিণাঞ্চলীয় পথটি ব্যবহারকারী জাহাজগুলোতে বোমাবর্ষণ করছে ইরান। অন্যদিকে, ইরানের জাহাজ ও সমুদ্রবন্দরে নিজেদের আরোপিত অবরোধ লঙ্ঘনকারী জাহাজগুলোতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।