ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় ৫ স্কুলের সব পরীক্ষার্থী ফেল

ঠাকুরগাঁও জেলায় এবারের এসএসসি পরীক্ষায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে সদর উপজেলার অনভারদিঘি উচ্চবিদ্যালয় থেকে সর্বোচ্চ ৭ জন অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়। গত বছর জেলায় শতভাগ ফেল করা স্কুলের সংখ্যা ছিল ২ টি।
অন্য শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে ৩ জন, রুহিয়া উপজেলার মাধবপুর বালিকা উচ্চবিদ্যালয়ে ৫ জন, সদর উপজেলার আকচা আদর্শ উচ্চবিদ্যালয়ে ৪ জন এবং তেঁওয়ারিগাঁও উচ্চবিদ্যালয়ে ৫ জন পরীক্ষার্থী ছিল। এমন ফলাফলকে নজিরবিহীন ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোয়াবুর রহমান।
রুহিয়ার মাধবপুর বালিকা উচ্চবিদ্যালয়ে সরেজমিনে জরাজীর্ণ অবকাঠামো দেখা যায়। নথিপত্রে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১৩৯ জন শিক্ষার্থী দেখানো হলেও সেখানে মাত্র ৯ জনের উপস্থিতি মিলিয়ে দেখা গেছে। পানের দোকানদার রহিম আলী জানান, কাগজে-কলমে শিক্ষার্থী দেখানো হলেও বাস্তবে নিয়মিত পড়াশোনা হয় না। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ও ২০১০ সালে এমপিওভুক্ত এই বিদ্যালয়ে ৭ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী কর্মরত আছেন।
শিক্ষাবিদ অধ্যাপক মনতোষ কুমার দে জানান, এসব প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষার চেয়ে এমপিওভুক্তি ও পাঠদানের অনুমোদন টিকিয়ে রাখার প্রতি আগ্রহ বেশি থাকে। জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার জানান, শূন্য পাস করা এসব প্রতিষ্ঠান চিহ্নিত করে মানোন্নয়নের ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যর্থ হলে একাডেমিক স্বীকৃতি বা পাঠদান বাতিলের পদক্ষেপ নেওয়া হবে।