ডেল্টা লাইফের সাবেক সিএফও ফারহান উদ্দিন কারাগারে

অর্থ আত্মসাতের মামলায় ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. ফারহান উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবিরের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করেন।
উচ্চ আদালত থেকে পাওয়া আট সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন ৪৪ বছর বয়সী ফারহান উদ্দিন। তবে আসামিপক্ষের আইনজীবী দাবি করেছেন, মামলাটির অভিযোগ অসত্য। তৎকালীন প্রশাসকের নিয়ন্ত্রণে উচ্চ আদালতের রিট পরিচালনার জন্য নিয়ম মেনেই অর্থ ব্যয় হয়েছিল।
২০২৫ সালে প্রতিষ্ঠানটির প্রতিনিধি শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম বাদী হয়ে ১ কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা আত্মসাতের অভিযোগে চারজনের বিরুদ্ধে এই মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন প্রতিষ্ঠানটির সাবেক ডিএমডি ও সিওও মো. মঞ্জুরে মাওলা, সাবেক আইনি পরামর্শক মো. মাহাবুব আলম খান এবং সাবেক আইনি কর্মকর্তা মো. সাইফুজ্জামান।
মামলার নথি অনুযায়ী, আইনি খরচের নামে জালিয়াতি করে কোম্পানির অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তদন্ত করে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্ম এম জে আবেদীন। ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর জমা দেওয়া তাঁদের নিরীক্ষা প্রতিবেদনে ভুয়া বিল ও ভাউচার বানিয়ে ওই অর্থ আত্মসাতের প্রমাণ মেলে।