ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধা কিমি খানাখন্দে ১৫ কিমি যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের মাত্র আধা কিলোমিটার এলাকার খানাখন্দের কারণে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। আমতলী এলাকায় গত তিন মাস ধরে চলা অস্থায়ী সংস্কারকাজের কারণে সেখানে নিয়মিত যানজট লেগে থাকছে। গত শুক্রবার সকালেও সদরের আলেখারচর থেকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী পর্যন্ত ঢাকামুখী লেনে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন ও হাজারো যাত্রী ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন। বিকেলের দিকে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হয়।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, আমতলী এলাকায় আধা কিলোমিটার সড়কে ঢালাই ও মেরামতের কাজ চলায় এক পাশ বন্ধ রেখে অন্য পাশ দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে টানা তিন-চার সপ্তাহের বৃষ্টিতে বিকল্প অংশটিতে বড় বড় গর্ত ও কাদাপানি তৈরি হয়েছে। এতে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ি গর্ত এড়াতে গিয়ে গতি কমিয়ে দিচ্ছে, যার প্রভাব পড়ছে পুরো মহাসড়কে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা জানান, গত দুই দিনেই আমতলীতে অন্তত চারটি মালবাহী ট্রাক গর্তে আটকে যায়, যা পরবর্তীতে রেকার দিয়ে সরাতে হয়েছে।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অতিরিক্ত দায়িত্বে থাকা এসআই আনিসুর রহমান জানান, দীর্ঘ তিন মাস ধরে সংস্কার চললেও ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে একাধিকবার বলা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, ভারী বৃষ্টির কারণে কাজ ব্যাহত হলেও অস্থায়ীভাবে সড়ক সচল রাখার চেষ্টা চলছে এবং রোদ উঠলেই মূল কাজ শুরু হবে। অন্যদিকে সুজনের কুমিল্লা সাধারণ সম্পাদক আলী আহসান টিটু অভিযোগ করেন, দায়সারাভাবে নিম্নমানের ইট-বালু দিয়ে সংস্কার করায় বৃষ্টিতেই তা ধুয়ে যাচ্ছে, যা জনগণের কষ্ট বাড়ানোর পাশাপাশি সরকারি অর্থের অপচয় ঘটাচ্ছে।