ঢাকা দক্ষিণের বাজেটে ৪ হাজার কোটি, প্রশ্ন বাস্তবায়নের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চলতি ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট প্রণয়ন করেছে। গত অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ৩ হাজার ১৩৮ কোটি ৭৭ লাখ টাকা। হিসাব অনুযায়ী, এবার বাজেটের আকার প্রায় ৮৬৬ কোটি টাকা বেড়েছে।
বাজেটের আকার বড় হলেও পুরো অর্থ খরচ হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে অতীতের অভিজ্ঞতা। এবারের বাজেটে আগের বছর অব্যয়িত ৭৩০ কোটি ৯৩ লাখ টাকা যুক্ত করা হয়েছে, যা নতুন আয় নয়। আবার বছর শেষে ৫৪০ কোটি ৫০ লাখ টাকা অব্যয়িত থাকবে বলে ধারণা করা হচ্ছে। ফলে ঘোষিত বাজেটের পুরোটাই উন্নয়নকাজে ব্যয় হবে না।
২৬ জুলাই ডিএসসিসির পরিচালনা কমিটির সভায় এই বাজেট অনুমোদন করা হয়। বৃহস্পতিবার নগর ভবনে সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম বাজেট ঘোষণা করেন। তিনি জানান, উচ্চাভিলাষী বড় অঙ্কের বাজেট না করে বাস্তবায়নযোগ্য ও যৌক্তিক বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে।
প্রশাসক আরও বলেন, নগরবাসীর ওপর নতুন কর আরোপ বা করের হার বাড়ানো হবে না। এর বদলে নতুন আয়ের খাত সৃষ্টি এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর মাধ্যমে বাজেট বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।