জাতীয়

ঢাবিতে ‘রান ফর জাস্টিস’ দৌড়, অংশ নিলেন দুই হাজার শিক্ষার্থী

৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ‘রান ফর জাস্টিস’ দৌড়, অংশ নিলেন দুই হাজার শিক্ষার্থী
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ ও ন্যায়বিচারের বার্তা ছড়ানোর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রান ফর জাস্টিস’ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগ স্মরণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় জানানোর উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই রান ২০২৬: সিজন-২, রান ফর জাস্টিস’ শীর্ষক দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত এই ইভেন্টে প্রায় দুই হাজার শিক্ষার্থী ও দৌড়বিদ অংশ নিয়েছেন।

আয়োজকরা জানান, সীমিত সময় ও নানা চ্যালেঞ্জের মধ্যেও স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারীদের সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও সহযোগিতার জন্য আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, অনিবার্য কারণে যারা অংশ নিতে পারেননি, তাদের জন্য পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।

অনুষ্ঠানের সফল বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ক্রীড়া সম্পাদক, স্বেচ্ছাসেবক, চিকিৎসক, নিরাপত্তাকর্মী, মিডিয়া প্রতিনিধি ও স্পন্সরদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করা হয়। বিশেষভাবে ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ) ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের অবদানের জন্য আয়োজকরা ধন্যবাদ জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট মো. আবু শাদিকসহ ডাকসুর কয়েকজন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। আয়োজকরা কোনো অনিচ্ছাকৃত ত্রুটি বা অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে ও সুশৃঙ্খলভাবে এ আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়জুলাই গণ-অভ্যুত্থানরান ফর জাস্টিসশিক্ষার্থীদৌড় প্রতিযোগিতা