তথ্যচিত্রে ত্রুটি: দুঃখ প্রকাশ করল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়

জুলাই গণ-অভ্যুত্থানের জাতীয় অনুষ্ঠানে প্রদর্শিত তথ্যচিত্রে আন্দোলনের মূল ঘটনাপ্রবাহ ও নানা অবদান সঠিকভাবে তুলে না ধরায় দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অংশীজনদের মতামত নিয়ে ভুলত্রুটি শুধরে নিয়ে প্রামাণ্যচিত্রটি দ্রুত আবার সবার জন্য উন্মুক্ত করা হবে।
সম্প্রতি আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’য় তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়। রাষ্ট্রপতির উপস্থিতিতে অনুষ্ঠানেই বিষয়টি তোলা হলে উপস্থিত অতিথিদের কাছে তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। পরবর্তীতে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই অনুতাপ ব্যক্ত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা, ৯ দফা কর্মসূচি এবং ৩ আগস্টের এক দফাসহ গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর প্রতিফলন না হওয়া ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আন্দোলনের কোনো পক্ষের অবদান ছোট করা বা ইতিহাস আড়াল করার উদ্দেশ্য মন্ত্রণালয়ের ছিল না। গবেষক, বিশেষজ্ঞ ও ছাত্র প্রতিনিধিদের মতামত নিয়ে ইতোমধ্যে পরিমার্জনের কাজ শুরু হয়েছে।