অপরাধ

তনু হত্যা মামলায় হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ মেনেননি

৭ আগস্ট ২০২৬
তনু হত্যা মামলায় হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ মেনেননি
তনু হত্যা মামলায় হাফিজুর রহমানের জামিন স্থগিত করে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। নির্ধারিত সময় পার হলেও তিনি কুমিল্লা আদালতে হাজির হননি।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী তনু হত্যা মামলায় জামিনে মুক্ত অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করেননি। কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান হাফিজুর রহমান। পরে ৪ আগস্ট সন্ধ্যা সাতটায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল রাষ্ট্রপক্ষের আবেদনটি আদালতে উপস্থাপন করেন।

কুমিল্লার আদালত সূত্র জানায়, মামলাটি যেহেতু কুমিল্লার আদালতে চলমান; তাই সংশ্লিষ্টরা ভেবেছিলেন হাফিজুর রহমান কুমিল্লার আদালতে হাজির হবেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি সেখানে উপস্থিত হননি। কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর কাইমুল হক জানান, সরকারি ছুটির দিন হলেও বিশেষ আদালত চালু ছিল এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রস্তুত ছিলেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. তারিকুল ইসলাম জানান, উচ্চ আদালতের আদেশের কোনো কপি এখনো তাঁদের হাতে পৌঁছায়নি। তিনি কুমিল্লার আদালতে আত্মসমর্পণ করেছেন—এমন কোনো তথ্যও তাদের কাছে আসেনি।

তনু হত্যাহাফিজুর রহমানজামিন স্থগিতকুমিল্লাআপিল বিভাগ