তিন শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুরে সাঁতার নিষিদ্ধ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ ক্যাম্পাসের সকল পুকুর ও ডোবাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন। নিরাপত্তার কথা বিবেচনা করে এসব জলাশয়ে সাঁতার কাটা বা পানিতে নামা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত পুকুরে প্রবেশ করা যাবে না।
বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে যে, এই নিষেধাজ্ঞা অমান্য করলে তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী আচরণ হিসেবে গণ্য হবে। এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।
চুয়েট ক্যাম্পাসে বর্তমানে দুটি পুকুর এবং একাধিক ডোবা রয়েছে। সম্প্রতি একটি পুকুরে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যুর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বুধবার পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যান কম্পিউটারবিজ্ঞান ও কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী চমক দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী শান্ত দেব।
এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে ডুবে মারা যান যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা।